২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে শাখা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন খান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান (কাজী আশিক) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করা হয়।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
২০২৬ সেশনের শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী মুহা. মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ সময় তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।
এরপর নবনির্বাচিত সভাপতি মু. মহিউদ্দিন খান শাখা সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নের ঘোষণা দেন।
দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।





