বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী ২৩ জানুয়ারি ঠাকুরগাঁও সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে ওই দিন বিকাল ৪টায় ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।

এর আগে ২২ জানুয়ারি তিনি ঢাকা মহানগরী থেকে তার নির্বাচনি সফর শুরু করবেন। ওই দিন নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান।

পরদিন ২৩ জানুয়ারি দুপুর ২টায় দিনাজপুর জেলার গোর-ই-শহীদ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার পর তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন। ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে সন্ধ্যায় তিনি বিভাগীয় শহর রংপুরে অনুষ্ঠিত আরেকটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এছাড়া ২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

দলীয় নেতারা জানান, জামায়াত আমিরের এই ধারাবাহিক নির্বাচনি সফরের মাধ্যমে উত্তরাঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনি প্রচারণা আরও জোরদার হবে।