ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে এ দুই আসনের ফল জানানো হবে।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত বিধি অনুসরণ করে ২৯৭টি আসনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাকি দুই আসনের বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত জানাবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণা কার্যক্রম শেষ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


আখতার আহমেদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবার সহযোগিতা ও ধৈর্যের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রেখে তিনটি পৃথক চিঠি জারি করেছিল কমিশন। সেখানে আদালতে মামলা চলমান থাকার বিষয়টি উল্লেখ করা হয়। পরে শেরপুর-২ আসনের ফল ঘোষণা করা হলেও আপাতত ওই আসনের গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।