কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে আটক করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে একটি বাজারের ব্যাগে থাকা টাকাসহ তাকে আটক করা হয়।
মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিমের পক্ষে ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন হাবীবুর রহমান। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়িতে তল্লাশি চালান। গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ থেকে উপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা এক হাজার টাকার দুটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রশাসনকে জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।
ইউএনও আব্দুর রহমান বলেন, খবর পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। তাকে টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা হয়নি, তাই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, বিষয়টি তিনি সদ্য শুনেছেন। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন।





