প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারাদেশে ক্রীড়া প্রতিভা আবিষ্কারের নতুন উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে।
সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত ক্রীড়াভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ‘ক্রীড়া কার্ড’ ও সম্মাননা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী স্মরণ করান, স্বাধীনতার পর ১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান শুরু হয়েছিল। যদিও এটি কিছু সময় বন্ধ ছিল, বর্তমানে আবার বিটিভিতে সম্প্রচার হচ্ছে। এবার নতুন মাত্রা যোগ করে ক্রীড়া প্রতিভা অন্বেষণের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু হচ্ছে।
তিনি বলেন, ক্রীড়া এখন শুধু শখ নয়, বরং স্বীকৃত পেশা। বাংলাদেশও পিছিয়ে থাকবে না। ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা বাস্তবায়নের কাজ আজ থেকে শুরু হলো।





