রাশেদুল ইসলাম জেলা প্রতিনিধি, সিলেট
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে তার এ সফর শুরু হবে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। একই সময় দেশের সব জেলাতেই একযোগে এই কর্মসূচি চালু করা হবে।
প্রতিমন্ত্রী জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং গ্রামাঞ্চল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া বৃত্তি চালু করা হবে। ইতোমধ্যে ১২৯ জন খেলোয়াড়কে ভাতার আওতায় আনা হয়েছে এবং শিগগিরই আরও প্রায় ৫০০ জনকে এই সুবিধা দেওয়া হবে।
স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে উন্নয়নের নামে নানা অনিয়মের কারণে সিলেট জেলা স্টেডিয়াম এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সফর উপলক্ষে স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।





