ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।


রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।


তিনি অভিযোগ করেন, নির্বাচনে অবৈধ অস্ত্র, কালো টাকা, হুমকি-ধমকি ও জাল ভোটের মতো ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ৪০০ পিস্তল এখনো উদ্ধার হয়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এসব অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলেছে।


হামিদুর রহমান আযাদ বলেন, কিছু কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে সিল মারার অভিযোগ রয়েছে এবং বিষয়টি কমিশনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তিনি আরও অভিযোগ করেন, ফলাফলের গেজেট দ্রুত প্রকাশ করায় অনেক প্রার্থী আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সুযোগ পাননি।


ভোটের হার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দাবি করেন, ভোট শেষ হওয়ার আগেই কিছু কেন্দ্রে অস্বাভাবিক হার দেখা গেছে এবং ভোটগ্রহণ শেষের পর হঠাৎ করে ভোটের সংখ্যা বেড়েছে।


ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে তিনি বলেন, ঢাকা-৬ আসনে তাদের প্রার্থীর এজেন্টের স্বাক্ষর নিয়ে অসঙ্গতি রয়েছে এবং কিছু স্থানে পেন্সিল দিয়ে ফলাফল লেখা হয়েছে।


এসব অভিযোগের প্রেক্ষিতে ১১ দলীয় জোট সংশ্লিষ্ট ৩২টি আসনে পুনর্গণনা ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। বৈঠকে নির্বাচন কমিশনের চার কমিশনার ও সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। জোটের পক্ষ থেকে বিভিন্ন দলের নেতারা বৈঠকে অংশ নেন।