নানা মহলে আলোচনা-সমালোচনার পরে ৩৬ জুলাই (৫ আগস্ট) উদযাপন অনুষ্ঠানে সংগীত পরিবেশন থেকে বাদ পড়ল ‘টঙের গান’ নামে সংগীত প্ল্যাটফর্ম। জানা গেছে, এ প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আবির। বিষয়টি আবির নিজেই নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার রাতে মাহমুদুল হাসান আবির তার ফেসবুকে দেওয়া এক পোস্টে মন্তব্য করে বলেন, মনটা ভীষণ খারাপ, মানিক মিয়া এভিনিউয়ের ৩৬ জুলাইয়ের প্রোগ্রামে আমরা টঙের গান অংশ নিচ্ছি না। আগামীকাল সবিস্তারে আলোচনা করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিল্লাল নামের একজন কমেন্টে বলেন, “আমরা চাই এই উৎসব সবার জন্য আনন্দমুখর হোক। কারও ব্যক্তিগত কারণে অনুষ্ঠান ব্যাহত হবে না।”

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, আবির নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেরোবি সভাপতি পোমেল বড়ুয়ার অনুসারী ছিলেন। বেরোবি ছাত্র আবু সাঈদ হত্যার আসামি ও সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে বাঁচাতে সরব ছিলেন তিনি। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে পেয়েছিলেন জয় বাংলা অ্যাওয়ার্ড।


শেখ মুজিবের জন্মবার্ষিকীতে তাকে নিয়ে একটি গান লিখে আলেচিত হন গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন। এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেত্রীকে পরীক্ষা না দিয়েই পাশ করে দিয়েছে। পরবর্তীতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও তদন্ত কমিটি কোনো রিপোর্ট জমা দেয়নি। শেখ মুজিবকে নিয়ে লেখা রুহুল আমিনের সেই গানটি পরবর্তীতে গেয়ে আলোচনায় আসে ছাত্রলীগ নেতা আবির।