বিশেষ বৃত্তি নীতিমালায় যুক্ত অযৌক্তিক শর্তসমূহ সংশোধন ও পুনর্বিন্যাসসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন আস-সুন্নাহ মেধাবী প্রকল্পের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। এ দাবিতে তারা আগামী সোমবার (১৫ ডিসেম্বর) ভিসি ভবন ঘেরাওয়ের কর্মসূচিও ঘোষণা করেছেন।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম।


লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত আবাসন বৃত্তি নীতিমালায় বেশ কিছু অযৌক্তিক শর্ত সংযোজন করা হয়েছে। শিক্ষার্থী-বান্ধব পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি নীতিমালায় থাকা এসব শর্ত আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষার সমান অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।


তিনি জানান, গত ১০ ডিসেম্বর তারা প্রতিবাদ সমাবেশ করেন এবং ভিসি বরাবর স্মারকলিপি দেন, কিন্তু কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এরপর ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও প্রশাসন নীতিমালা সংশোধন করেনি। “প্রশাসনকে দায়িত্ব স্মরণ করিয়ে দিতেই আজকের এই সংবাদ সম্মেলন,” বলেন তিনি।


যমুনা ঘটনার পুনরাবৃত্তি চান না উল্লেখ করে বখতিয়ার বলেন, “আমাদের সঙ্গে টালবাহানা করা হলে যেমনভাবে ‘যমুনাকে বাসভবনে’ পরিণত করেছিলাম, প্রয়োজনে ভিসি ভবনকেও আমাদের বাসভবনে পরিণত করতে বাধ্য হব।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১) আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রকল্পে থাকা শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতো আবাসন বৃত্তির আওতায় আনা।
২) বৃত্তিকে মেধাভিত্তিক নয়, প্রয়োজনভিত্তিক রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে যুক্ত ৭০% উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল।
৩) রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

এর আগে বুধবার বিশেষ শিক্ষার্থীদের আবাসন বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে আস-সুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।