ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয়ের জন্য ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তিন দিনে প্রায় ৩৯ লাখ ৬৭ হাজার টাকা অনুদান পেয়েছেন।

\r\n

বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ব্যারিস্টার ফুয়াদ জানান, ৭ জানুয়ারি রাত পর্যন্ত বিকাশের মাধ্যমে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা জমা হয়েছে। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।

\r\n

তিনি জানান, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে এ আসনে তার সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।

\r\n

দেশ ও বিদেশ থেকে যারা তাকে আর্থিক সহায়তা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, অতিরিক্ত অনুদানের বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদানসংক্রান্ত সব কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

\r\n

এছাড়া নির্বাচন কমিশন বা সরকারের অন্য কোনো আর্থিক নিয়ন্ত্রণকারী সংস্থা নিরীক্ষা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।