রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশের বর্তমান পরিস্থিতি এবং মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয়কে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
\r\nরোববার (২০ এপ্রিল) ঢাকার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মাওলানা সাজেদুর রহমান মহাসমাবেশের ঘোষণা দেন।
\r\nসংগঠনটি আরও জানায়, ভারতের ওয়াকফ আইন ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আগামী মঙ্গলবার থেকে ১ সপ্তাহ ব্যাপী গণসংযোগ এবং ২৫ এপ্রিল বাদ জুমা দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
\r\nবৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ্ মুহিদুল্লাহ বাবুনগরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
\r\nসংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, \"ফ্যাসিবাদী আমলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ২০১৩ সালের শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে।\"
তিনি আরও দাবি করেন, \"নারী সংস্কার কমিশনের মাধ্যমে ইসলামি উত্তরাধিকার আইন ও পারিবারিক বিধানকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তা বন্ধ করতে হবে। নয়তো ৩ মে’র মহাসমাবেশের পর নতুন কর্মসূচি দেওয়া হবে।\"





