বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি কালভার্ট উদ্বোধনের আগেই ফাটল ধরেছে। হেলে পড়েছে গাইড ওয়াল। স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তাড়াহুড়ো করে কাজ শেষ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন খালের ওপর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে কালভার্টটির নির্মাণকাজ করে ‘সালেহা কবির এন্টারপ্রাইজ’। কাজ বাস্তবায়ন করেন ঠিকাদার মো. মনির।
স্থানীয়রা জানান, রাতে নিম্নমানের রড দিয়ে বেইজের কাজ করা হয়। পরে সমালোচনা উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ রাতের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে গত ২ সেপ্টেম্বর কাজ শেষ হওয়ার আগেই চারটি গাইড ওয়ালে ফাটল ধরে। পরে বালু-সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল ঢেকে দেওয়া হয়।
সরজমিনে দেখা গেছে, ফাটলের কারণে কালভার্টটি একপাশে হেলে পড়েছে। স্থানীয়দের দাবি, ১৬ মিলিমিটারের পরিবর্তে ১২ মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল হোসেন বলেন, “কাজ এখনো হস্তান্তর হয়নি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
ইউএনও ফারুক আহমেদ জানান, ফাটলের ভিডিও পেয়েছেন। তিনি শিগগিরই আবারও সরেজমিন পরিদর্শন করবেন।





