খুলনার কয়রায় ৪৮ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বন বিভাগের টহল দল। সোমবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস পাচারের সময় শাকবাড়িয়া নদীর ৪ নম্বর কয়রা সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।


অভিযানে নেতৃত্ব দেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুটি নৌকা, ১১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এবং হরিণ শিকারে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।


আটক ব্যক্তি হলেন দিদারুল ইসলাম (৩৫), যিনি কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা এবং হামিদ গাজীর ছেলে।


খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামীম রেজা মিঠু জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস ও মাছ পচনশীল হওয়ায় আদালতের অনুমতি নিয়ে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। আটক দিদারুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।