আইপিএল ইতিহাসে চেন্নাই সুপার কিংস এবং রবীন্দ্র জাদেজা যেন অনেকটা এক হয়ে গিয়েছিল। ২০১২ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন এই অলরাউন্ডার। তবে এবার জাদেজা চেন্নাই ছেড়েছেন, তা-ও ৪ কোটি রুপি কম দামে।


চেন্নাই সর্বশেষ মেগা নিলামের আগে জাদেজাকে ১৮ কোটি রুপিতে ধরে রেখেছিল। এবার রাজস্থান রয়্যালস তাকে ১৪ কোটি রুপিতে দলে এনেছে। অনেকের মনে প্রশ্ন, কেন ৪ কোটি রুপি কম বেতন নিয়েও জাদেজা চেন্নাই ছাড়লেন?


ফর্মের দিক থেকে জাদেজা এখনো শীর্ষে আছেন। ২০২৫ আইপিএলে ব্যাট হাতে ৩০১ রানের পাশাপাশি বল হাতে ১০ উইকেট নিয়েছেন। আগের মৌসুমে ছিল ২৬৭ রান ও ৮ উইকেট। ২০২৩ সালের ফাইনালে শেষ দুই বলে ১০ রানের সমীকরণ মিলিয়ে চেন্নাইকে শিরোপা জিতিয়েছিলেন। তাই দেখা যাচ্ছে, দল ছাড়ার পেছনে ফর্ম কোনো মূল কারণ নয়। বয়সও (প্রায় ৩৭) বাধা নয়।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জাদেজা নিজেই চেন্নাই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক মাস আগে চেন্নাই ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর এ বিষয়ে আলোচনা হয়েছে।


জাদেজার আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল রাজস্থান রয়্যালস থেকে। এখন সেখানে যোগ দিলে তিনি অধিনায়কত্বের সুযোগ পেতে পারেন। চেন্নাইয়ে তাঁর অধিনায়ক হওয়ার কোনো সম্ভাবনা নেই; ২০২২ সালে মাঝপথে অধিনায়কত্ব থেকে সরানো হয়, আর বর্তমানে দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।


রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদলে জানিয়েছেন, “জাদেজা অক্টোবরের মাঝামাঝি সময়ে আমার সঙ্গে যোগাযোগ করে জানায়, সে রাজস্থানে ফিরতে আগ্রহী। এখান থেকেই তার আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছে, এখান থেকেই পরিচিতি তৈরি হয়েছে।”


সমাজমাধ্যম ব্যবহারকারীদের মতে, আইপিএল ক্যারিয়ারের শেষ সময়ে নিজের শুরু করা দলেই থাকতে চাচ্ছেন জাদেজা, যেখানে বড় ভূমিকা রাখার সুযোগও থাকবে।


চেন্নাইয়ের জন্য জাদেজা চলে যাওয়াটা একদিকে ক্ষতি হলেও অন্যদিকে দলের জন্য কিছু সুবিধাও হয়েছে। স্যামসন চেন্নাইয়ের টপ অর্ডারকে আরও শক্তিশালী করতে পারবেন, আর ধোনির বিকল্প হিসেবে দল ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে।