সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ৪ দশমিক মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূকম্পন ঘটে, যা কিছু সময়ের জন্য ভবনগুলো কাঁপিয়ে তোলে। হঠাৎ কেঁপে ওঠা ভবনগুলোর কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই তড়িঘড়ি করে ঘর ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে হালকা মাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়। এটি বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধারণত ঘটায় না, তবে দুর্বল কাঠামো বা ঝুঁকিপূর্ণ ভবনে সামান্য ক্ষতির আশঙ্কা থাকতে পারে। তা সত্ত্বেও হঠাৎ ভূকম্পনের কারণে জনমনে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়।





