ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক নিউজিল্যান্ড সফরের আগে একটি নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে তিনি ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজের শেষ ম্যাচে দলের নেতৃত্ব দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এই খবর জানিয়েছে।
ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডের আগে, ৩১ অক্টোবর রাতে এই ঘটনা ঘটে। অতিরিক্ত মাতাল সন্দেহে একটি নাইটক্লাবে ঢুকতে না দেওয়ায় ব্রুক এবং নিরাপত্তাকর্মীর মধ্যে তর্ক দেখা দেয়। একপর্যায়ে মারামারিতে ঘটনাটি পৌঁছে এবং ব্রুক নিজেও আঘাত পান। ঘটনার পর ব্রুক বিষয়টি স্বেচ্ছায় ইংল্যান্ড দলের নিরাপত্তা বিভাগের কাছে জানান।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তদন্ত শেষে ২৬ বছর বয়সী ব্রুককে প্রায় ৩০ হাজার পাউন্ড (প্রায় ৫০ লাখ টাকা) জরিমানা করেছে। এই জরিমানা সর্বোচ্চ শাস্তির মধ্যে পড়ে। তবে এরপরও ব্রুককে সাদা বলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে।
অ্যাশেজ সিরিজ শেষ করে শুক্রবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন ব্রুক। ১৯ জানুয়ারি তিনি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন, যেখানে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। ২০২৫ সালের এপ্রিলে সাদা বলের অধিনায়ক হওয়ার পর এটি ব্রুকের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।
ইসিবির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ব্রুক বলেন, “আমার আচরণের জন্য আমি ক্ষমা চাইছি। এটি সম্পূর্ণরূপে আমার ভুল ছিল এবং এতে আমি নিজেই বিব্রত হয়েছি, এছাড়া ইংল্যান্ড দলও অস্বস্তিতে পড়েছে। ইংল্যান্ডের হয়ে খেলা আমার জন্য সর্বোচ্চ সম্মানের বিষয়। সতীর্থ, কোচ ও সমর্থকদের হতাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে মাঠে ও মাঠের বাইরে আস্থা ফিরিয়ে আনতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।”





