বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত জামায়াত কোনো চাঁদাবাজি, দখলদারি বা দুর্নীতিতে জড়ায়নি। এমনকি কাউকে ব্যক্তিগত প্রতিশোধের শিকার করা হয়নি বা হয়রানিমূলক মামলাও দেওয়া হয়নি।
শনিবার (২৪ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, শান্তিময় বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ করাই জামায়াতের লক্ষ্য। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, শহীদ আবু সাঈদ ও তার সহযোদ্ধারা জীবন দিয়ে যে আমানত রেখে গেছেন, তা রক্ষা করতে জামায়াত প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।
তিনি আরও বলেন, দেশের জন্য তারা যেমন বুক পেতে দিয়েছিলেন, আমরাও তেমন প্রস্তুত আছি। তবে দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক দেওয়া হবে না।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আমীরে জামায়াত বলেন, বিভেদ দূর করতেই ১০ দল একত্রিত হয়েছে। আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না।
এ সময় তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসেবে বিশিষ্ট আলেমে দ্বীন ও মুফাসসিরে কোরআন মাওলানা নুরুল আমিনকে পরিচয় করিয়ে দেন এবং তাকে দেশবাসীর কাছে ‘আমানত’ হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যের শেষে শহীদ আবু সাঈদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি। শহীদ পরিবারের সুযোগ-সুবিধা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ পরিবারকে সম্মান ও মর্যাদার আসনে রাখা হবে, এটি কেবল কথার নয়, দায়িত্বের বিষয়।
এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





