চাঁদপুরের শাহরাস্তিতে মাত্র পাঁচ মাস ২৫ দিনে পুরো পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন তানভীর। শনিবার (২৬ জুলাই) দুপুরে স্থানীয় একটি মাদরাসায় আয়োজিত ছবক প্রদান ও স্বীকৃতি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আবু নছর আশরাফি। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মন্টু এবং শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল।
তানভীরের বাবা মোহাম্মদ নূরুন্নবী একজন পান বিক্রেতা। সাধারণ পরিবার থেকে আসা তানভীরের এই অসাধারণ অর্জনে আনন্দিত মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি জানান, “তানভীর অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র। নিয়মিত অধ্যবসায় ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে সে মাত্র পাঁচ মাস ২৫ দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে। এর আগেও আমাদের মাদরাসা থেকে একজন শিক্ষার্থী চার মাসে হাফেজ হয়েছিল।”
তানভীরের এই কৃতিত্ব ধর্মীয় শিক্ষায় অগ্রসর তরুণদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






