আজ দুপুর ২টায় শুরু হওয়া এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।


বাফুফের প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস জানান, “মাত্র ছয় মিনিটে সাধারণ গ্যালারির সব টিকিট বুকিং হয়ে গেছে। এখন পেমেন্ট প্রক্রিয়া চলছে, যার অর্ধেকের বেশি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সাধারণ গ্যালারির সব টিকিট শেষ, এখন রেড বক্স ও হসপিটালিটি শ্রেণির টিকিট পাওয়া যাচ্ছে।”


ভারত ম্যাচে টিকিটের চাহিদা ছিল ব্যাপক। সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা, এবার সেটি বাড়িয়ে ৫০০ টাকা করা হলেও সমর্থকদের আগ্রহে ভাটা পড়েনি। টিকিট বিক্রি শেষ হলেও ভক্তদের ভোগান্তি বা টিকিট না পাওয়ার অভিযোগ তেমন পাওয়া যায়নি।


ভারত ম্যাচের আগে বাংলাদেশ ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই টিকিট এক সপ্তাহ আগেই বিক্রির জন্য ছাড়লেও গতি ছিল ধীর। তবে ভারত ম্যাচের উন্মাদনার পর নেপাল ম্যাচের টিকিট বিক্রিও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন গোলাম গাউস।


উল্লেখ্য, বাফুফে চলতি বছরের ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে। প্রথমদিকে টিকিফাই প্ল্যাটফর্মে ক্রেতারা ভোগান্তিতে পড়লেও পরে অক্টোবর উইন্ডোতে কুইকেটকে টিকিটিং পার্টনার করা হয়। ওই ম্যাচের টিকিট ২০ মিনিটে বিক্রি হয়ে যায়। সফল অভিজ্ঞতার কারণে নভেম্বরের উইন্ডোতেও কুইকেটের মাধ্যমেই টিকিট বিক্রি করা হচ্ছে।


\r\n\r\n\r\n\r\n\r\n

তবে সিঙ্গাপুর ম্যাচের চার মাস পেরিয়ে গেলেও বাফুফে এখনও সেই ম্যাচের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেনি।