চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ১৯.৪৩ বিলিয়ন মার্কিন ডলার। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১.৮০ শতাংশ বেশি

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রবিবার (১ ফেব্রুয়ারি) এই তথ্য জানান। তিনি জানিয়েছেন, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট ১,৯৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এক বছর আগে একই সময়ে এই পরিমাণ ছিল ১,৫৯৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছরে রেমিট্যান্স ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার বৃদ্ধি পেয়েছে।

সদ্য শেষ হওয়া জানুয়ারিতে দেশে এসেছে ৩১৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা এক মাসে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে ডিসেম্বর মাসে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা এক মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সবচেয়ে বেশি। নভেম্বরে এই পরিমাণ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অন্য মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহ ছিল—অক্টোবর: ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার (৩,০৩২ কোটি ৮০ লাখ ডলার), যা এক অর্থবছরে দেশের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।