মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮ মার্চ পর্যন্ত ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল স্থগিত ছিল।
শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবু ধাবি ও শারজাহ; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত সিটি। এসব রুটের যাত্রীদের নিয়মিতভাবে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পরিস্থিতি উন্নতির ওপর ভিত্তি করে পরবর্তী সময়সূচি জানানো হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে। যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের প্রায় ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।





