আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করে বিটিভিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচনি পরিবেশ গঠনে সহায়ক হবে।
চিঠিতে উল্লেখ আছে, নির্বাচনি আচরণ বিধিমালা, ২০২৫-এর ধারা অনুযায়ী দলীয় প্রধানদের প্রচারণার স্লট বরাদ্দ করা হবে লিখিত আবেদনের ক্রমানুসারে। বিটিভি প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ ও সময় নির্ধারণ করবে এবং প্রচারণার রেকর্ডিং তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে।
বিএনপির বাইরে অন্য কোনো রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার জন্য আবেদন করেনি, তাই বিএনপির দলীয় প্রধানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হবে।
এবার নির্বাচনে ৫১টি দল অংশ নিচ্ছে। নির্বাচনী প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।





