“আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে”—এমন একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দিনের।


\r\n

ভিডিওটি বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে এবং সমালোচনার সৃষ্টি করে। হাজী জসীম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।


\r\n

১৫ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন, তাহলে এটা বিএনপির ওপর, নেত্রী অসুস্থ—এই গজব আমাদের ওপর পড়বে। এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত। আজকে এখানে যারা আছেন, আপনারা ওয়াদা করতে হবে যে…”—এই অংশেই ভিডিওটি শেষ হয়।


\r\n

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই ভিডিওটি ধরা পড়ে বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবি পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে। সেখানে হাজী জসীম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দীর্ঘ বক্তব্য দেন। কেউ তার বক্তব্যের একটি অংশ রেকর্ড করে অনলাইনে ছড়িয়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


\r\n

হাজী জসীম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, “আমার বক্তব্যে আমি বলেছি, আমাদের নেত্রী অসুস্থ, দল আমাকে ধানের শীষ দিয়েছে, এটা পবিত্র আমানত। কেউ যদি এই ঈমানি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে আল্লাহর গজব হবে। আমি মোট ২৮ মিনিট বক্তব্য দিয়েছি এবং নেতাকর্মীদের বলেছি দলের সঙ্গে বেঈমানি করলে গজব হবে। এটি নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে।”

\r\n

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “আমি এখনও ভিডিওটি দেখিনি। যদি তিনি এমন কথা বলেন, তাহলে বিএনপি তা সমর্থন করে না। সংগঠনবিরোধী কোনো বক্তব্য থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”