বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ‘জুলাই শহীদদের’ যথাযথ মর্যাদা, পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত করাই হবে তাদের প্রথম দায়িত্ব।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যদি জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে শহীদদের সম্মান ও তাদের পরিবারের পূর্ণ পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হবে। এটি হবে আমাদের অগ্রাধিকার।”

গোলাম পরওয়ার আরও বলেন, “সব গণহত্যার বিচার, মৌলিক রাজনৈতিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই সমাবেশ করছি।”

তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সমতা বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাও তাদের অন্যতম প্রধান দাবি। সমাবেশে তিনি এসব দাবির বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন কামনা করেন।