পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের কৃষকদলের আহ্বায়ক মক্কেল মৃধা নির্বাচনের সময় গুরুতর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি জামায়াতের কেউ ভোটকেন্দ্রে আসে এবং ভোট দেয়, তবে দিনের বেলায় তাদের নেতাকর্মীদের রগ কেটে দেওয়া হবে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত রোববার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদরাসা মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি জনসভায় তিনি এই হুমকি দেন। ভিডিওতে মৃধা বলেন, “এই জামায়াতের কোনো প্রোগ্রাম চলবে না। যারা ভোট দিবে, তাদের রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় রগ কেটে দেওয়া হবে। আমি বলতে চাই, জামায়াত আসবে না।”

মক্কেল মৃধা এর আগে পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলার ঘটনার মামলার প্রধান আসামি ছিলেন। ২৭ নভেম্বর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনি প্রচারণার সময় জামায়াত কর্মীদের ওপর হামলার ঘটনায় সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটেছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুর রহমান জানান, “আমরা ভিডিওটি পেয়েছি এবং লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মক্কেল মৃধার বিরুদ্ধে এর আগেও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।