ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি, এলসি খরচের ওঠানামা এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বছরের শেষ দিকে দেশে তেলের দাম আবারও বৃদ্ধি পেতে পারে।
সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, গত ২৭ জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে অসঙ্গতি ও ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব এলসিতে পড়ায় দাম পুনঃসমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। নভেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনে খরচ বেড়ে দাঁড়িয়েছে ১,০৬২ ডলার, পাম তেলের ক্ষেত্রে ১,০৩৭ ডলার।
সুপারিশ অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের দাম সমন্বয় করা হবে। এতে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৯ টাকার বদলে ১৯৮ টাকা ২৭ পয়সা হবে। এছাড়া খোলা ১ লিটার সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার পরামর্শ দেওয়া হয়েছে।





