জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ভোটকে কেন্দ্র করে কোনো বিভাজন বা বিশৃঙ্খলা তৈরি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে সবাই নিজের ইচ্ছামত ভোট দেবেন, তবে সমাজে অস্থিরতা বা হিংসার সুযোগ দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় গণসংযোগ ও পদযাত্রার সময় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, “মার্কা বা দলকে কেন্দ্র করে বিবাদে জড়াবেন না। সমাজের সবাই মিলেমিশে থাকবে। ভোটের দিন যাকে খুশি ভোট দেবেন। নির্বাচনের আগে কেউ প্রতিহিংসামূলক বক্তব্য দিবেন না। ভোট মাত্র একদিনের জন্য। একশ্রেণীর লোক ভোট নিতে আসে, শেষ হলে চলে যায়। কিন্তু ভোটকে কেন্দ্র করে সমাজে বিভাজন তৈরি করা ঠিক নয়।”
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে যারা ফায়দা লুটতে আসে, তারা কৌশলে বিভাজন ছড়ায়। জনগণকে তাদের চিহ্নিত করতে হবে, যাতে তারা ভোটের সুযোগ নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি বা অনিয়ম-দুর্নীতি করতে না পারে।
হাসনাত বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে বহু তরুণ জীবন দিয়েছেন একটি সুন্দর, সন্ত্রাসমুক্ত ও গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য। আগামী নির্বাচনে এই ভবিষ্যৎ জনগণের হাতে। তাই ভেবে-চিন্তে ভোট দিয়ে সঠিক প্রার্থী নির্বাচন করুন।”
এ সময় এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





