বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। একটি দলের দায়িত্বশীল নেতা ও ডাক্তার হিসেবে এমন ভাষা ব্যবহার অগ্রহণযোগ্য। সাধারণ মানুষ এ ধরনের বক্তব্যকে উপহাস ও অবজ্ঞা ছাড়া গ্রহণ করবে না।”
\r\nশুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
\r\nএ্যানি বলেন, “এবারের নির্বাচন ভিন্ন এবং ব্যতিক্রমধর্মী। আমরা গণসংযোগে নামো, কিন্তু তা এখনই নয়। বিগত ১৭ বছর ধরে জুলাই আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকেছি এবং এখনো সেই কাজ চালাচ্ছি। লক্ষ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করা, যা আমাদের কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাতে সাহায্য করবে।”
\r\nতিনি আরও বলেন, “সুস্থ ঐক্য দরকার, যা বিগত আন্দোলন ও সংগ্রামে ছিল। জুলাইয়ে যে ঐক্য ছিল, তা না থাকলে ফ্যাসিস্ট শাসক সুযোগ নিতে পারবে। এখন আর কোনো সুযোগ দেওয়া যায় না। সবাইকে সজাগ থাকতে হবে।”
\r\nসভায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। সভায় শ্রমিক দলের জেলা কমিটিসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





