ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরেছেন বিরাট কোহলি। ঘরোয়া ক্রিকেটে ফেরার পর থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন ভারতীয় এই তারকা। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে সেঞ্চুরির পর শুক্রবার (২৬ ডিসেম্বর) গুজরাটের বিপক্ষেও খেলেছেন ৭৭ রানের ঝলমলে ইনিংস। আর তাতেই লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যাটিং গড়ের বিশ্বরেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি মাইকেল বেভানকে ছাড়িয়ে গেছেন কোহলি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে কমপক্ষে ৫ হাজার রান করা ব্যাটারদের মধ্যে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ গড়ের মালিক ছিলেন মাইকেল বেভান। তার ৫৭.৮৬ গড়কে পেছনে ফেলে বর্তমানে ৫৭.৮৭ গড় নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছেন কোহলি।
এই তালিকায় এরপর আছেন ইংল্যান্ডের স্যাম হাইন (৫৭.৭৬), ভারতের চেতেশ্বর পুজারা (৫৭.০১) ও রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮)। ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে বাবর আজম ও এবি ডি ভিলিয়ার্স।
বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে কোহলির ৬১ বলে ৭৭ রানের (১৩ চার ও ১ ছক্কা) ওপর ভর করে দিল্লি ৯ উইকেটে ২৫৪ রান তোলে। জবাবে গুজরাটকে ২৪৭ রানে অলআউট করে ৭ রানের রোমাঞ্চকর জয় পায় দিল্লি। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উজ্জ্বল ছিলেন কোহলি। দুটি দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
\r\n\r\n\r\n\r\n
চলতি আসরে গড়ের রেকর্ডের পাশাপাশি দ্রুততম ১৬ হাজার লিস্ট ‘এ’ রান পূর্ণ করার কীর্তিও গড়েছেন কোহলি। এই মাইলফলক ছুঁতে তার লেগেছে মাত্র ৩৩০ ইনিংস, যেখানে শচীন টেন্ডুলকারের প্রয়োজন হয়েছিল ৩৯১ ইনিংস।





