‘রয়টার্সের বরাতে ‘ভারতের সঙ্গে গোপন বৈঠক’ সংক্রান্ত সংবাদকে বিভ্রান্তিকর বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই না করে এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, প্রতিবেশী দেশ ভারত হিসেবে তাদের সঙ্গে কোনো যোগাযোগ, আলোচনা বা বৈঠক হয়েছে কি না।

এর জবাবে তিনি জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা কাটিয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের বহু ব্যক্তি ও কূটনীতিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন এবং সবার মতো তাদের সঙ্গেও সাধারণ কথাবার্তা হয়।

জামায়াত আমির আরও বলেন, তারা স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, যত কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেগুলো প্রকাশ্যে জানানো হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎও প্রকাশ করার ইচ্ছা ছিল। তবে ওই সময় ভারতীয় কূটনীতিকরা বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। তখনই বলা হয়েছিল, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে জানানো হবে এবং সেখানে গোপনীয়তার কোনো বিষয় নেই।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, এ অবস্থায় কিছু দেশীয় গণমাধ্যমে ‘ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় তিনি বিস্মিত। তিনি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে প্রকৃত ঘটনা না জেনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।