ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক কাজী আতিউর রহমান রবির বক্তব্য স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রকাশ্যে মাইকে তিনি বলেন, ‘মুজিব কোট আমার ঘরে আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতেই হবে, তাই এবার ধানের শীষেই ভোট দেব।’
শুক্রবার (৯ জানুয়ারি) দিনগত রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একজন পরিচিত আওয়ামী লীগ সমর্থকের এমন বক্তব্য অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে যেমন বিস্ময় সৃষ্টি করে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দোকার নাসিরুল ইসলামের সহধর্মিণী আনজুমান বানুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাজী আতিউর রহমান রবির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু ঠাকুর, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মৌসুমী, ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকতসহ আরও অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘ওপেন মঞ্চে এ ধরনের বক্তব্য দেওয়া তার ঠিক হয়নি। তবে তিনি কেন এমন মন্তব্য করেছেন, তা আমরা বুঝতে পারছি। তিনি রুপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তার বক্তব্যে আমরা বিব্রত।’
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা অব্যাহত রয়েছে।





