জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির সিনিয়র নেতা ফজলুর রহমানকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
সারজিসের অভিযোগ, একটি অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এনসিপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন এবং \"বেজন্মা\" বলে গালি দিয়েছেন। তিনি বলেন, “এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির হয়ে কথা বলছেন। ফজলুর রহমান গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের ভাষা, বয়ান ও এজেন্ডা তুলে ধরছেন এবং আওয়ামী লীগের মিডিয়া সেলগুলো তা প্রচার করছে।”
তিনি আরও লিখেন, “সিনিয়র রাজনীতিকদের আমরা সম্মান করি, কিন্তু যারা রাজনৈতিক শিষ্টাচার মানেন না, যারা ফ্যাসিবাদী এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছেন, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভের দায় বিএনপিকেই নিতে হবে।”
সারজিস আলম বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দলের ভেতরে থাকা কিছু ‘লাগামছাড়া’ নেতার কারণে বিএনপিকে বারবার প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। তাদের স্টেটমেন্ট এবং আচরণের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণ মনে করবে, এ কথাগুলো বিএনপির ইঙ্গিতেই বলা হচ্ছে।”





