৩৫ বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এতে বিপুল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। নির্বাচনের ফল ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব।
নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “দীর্ঘ ৩৫ বছর পর রাকসু প্রাণ ফিরে পেল। এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলেই জিতে গেছে।”
নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, “পদ কোনো উপভোগের বিষয় নয়, এটি একটি আমানত। দলমত নির্বিশেষে সব শিক্ষার্থীর জন্য কাজ করতে হবে।” একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, রাকসু কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম নয়। “অতি-রাজনীতি যেন রাকসুর মূল উদ্দেশ্যকে ব্যাহত না করে,” যোগ করেন উপাচার্য।
এর আগে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ভিপি পদে নির্বাচিত হন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ। এজিএস পদে জয়ী হন এস এম সালমান সাব্বির এবং জিএস নির্বাচিত হন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার।





