টানা ছয় মাস বিরতির পর ‘ইস্যুর তুফান’ শিরোনামে নতুন র‍্যাপ গান নিয়ে ফিরলেন শিল্পী এ বি এম নোমান আজাদ। বুধবার বিকেলে নিজ ইউটিউব চ্যানেল এ বি এম নোমান আজাদ এর  ‘ইস্যুর তুফান’ গানটি প্রকাশ পেয়েছে। জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চ এবং জাগ্রত জুলাই-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই গানটি ইতিমধ্যেই সংগীতপ্রেমীদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।

গানটির কথা লিখেছেন প্রখ্যাত কবি মুন্সি বোরহান মাহমুদ, আর সুর ও কণ্ঠ দিয়েছেন স্বয়ং এ বি এম নোমান আজাদ। দেশের সাম্প্রতিক ঘটনাবলি, রাজনৈতিক অস্থিরতা এবং একের পর এক তৈরি হওয়া ইস্যু নিয়ে গানটি নির্মিত হয়েছে। এতে দেশটিকে একটি ভাঙা তরী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যার কান্ডারী হিসেবে তুলে ধরা হয়েছে ড. মুহাম্মদ ইউনুসকে—যিনি এখন নানান দাবি-দাওয়ার ভিড়ে টালমাটাল অবস্থায় রয়েছেন।

গানটি নিয়ে এক প্রতিক্রিয়ায় এ বি এম নোমান আজাদ বলেন, “দীর্ঘ ৬ মাসের বিরতির পর নতুন গান নিয়ে ফিরছি, তাই একটা ভালোলাগা কাজ করছে। দেশে এখনো নানা ইস্যু চলমান, মানুষ গান শুনবে নাকি সেই ইস্যুর মধ্যেই থাকবে বুঝতে পারছি না। তবে বরাবরের মতো এই গানেও প্রতিবাদের সুর বজায় রেখেছি।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার হাসিনা পালানোর পর একের পর এক ইস্যু তৈরি করে জুলাইয়ের মূল চেতনা থেকে দৃষ্টি ফেরানোর চেষ্টা চলছে। কিন্তু আমরা জুলাইকে ভুলতে দেবো না। এই গানটি জুলাই শহীদদের উৎসর্গ করেছি।”

‘ইস্যুর তুফান’ গানটি রেকর্ড করা হয়েছে ইন্যুভিশন স্টুডিওতে এবং টেকনিক্যাল সাপোর্ট ও পোস্ট-প্রোডাকশন হয়েছে ধানশালিক স্টুডিওতে। মিউজিকে ছিলেন আমির হামজা খান, সম্পাদনায় আবির হোসেন তারেক, আর পরিচালনায় ছিলেন তরুণ নির্মাতা সাদ আল আমিন।