অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্বীকার করেছেন, সেবা খাতে ব্যাপক দুর্নীতি রয়েছে এবং উপদেষ্টা হওয়ার আগেও তিনি নিজেই একাধিকবার ঘুষ দিতে বাধ্য হয়েছেন। দ্রুত কাজ করানোর প্রয়োজনে তাঁকে ‘বাড়তি টাকা’ দিতে হয়েছিল বলে জানান তিনি।


রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ‘ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআইএমএস)’ সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।


অর্থ উপদেষ্টা বলেন, \"মানুষ সেবা খাতে দুর্নীতির যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তারা এসব থেকে মুক্তি চায়। আমি কর্মকর্তাদের বলব—দয়া করে সেবা দিন, দায়িত্ব পালন করুন। মানুষ ভালো সেবা পেলে তার যথাযথ মূল্য দিতে কখনো কার্পণ্য করে না।\"


তিনি আরও বলেন, \"এই সরকার মানুষের জন্য কাজ করছে। যদিও অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রম বাইরে থেকে অনেকেই দেখতে পাচ্ছেন না, তবে আমরা থেমে নেই। হতাশ হওয়ার কিছু নেই। যা করছি, তা ভবিষ্যৎ সরকারের জন্য সহায়ক হবে।\"


আয়কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এনবিআর আয়কর রিটার্ন প্রক্রিয়ায় অটোমেশন এনেছে, আয়কর আইনজীবীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ রাজস্ব আদায়কে গতিশীল করবে। অনলাইনভিত্তিক কার্যক্রম সরকারি হোক কিংবা ব্যক্তি খাতে—সবার জন্যই উপকার বয়ে আনবে। আমরা সেই দিকেই এগোচ্ছি।”


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

উল্লেখ্য, টিআইএমএস সফটওয়্যার চালুর মাধ্যমে করদাতাদের হয়রানি কমানো এবং কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনার লক্ষ্য নিয়েছে এনবিআর।