বলিউডের 'ভাইজান' সালমান খান আবারও ফিরছেন ছোট পর্দায়, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম নিয়ে। রোববার (২৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে নতুন মৌসুমের প্রচার। তবে এবার দর্শকদের জন্য চমক শুধু শোর থিম বা প্রতিযোগীদের ঘিরেই নয়—আলোচনায় উঠে এসেছে সালমান খানের পারিশ্রমিকও।

গত মৌসুমের তুলনায় এবার প্রায় ১০০ কোটি রুপি কম নিচ্ছেন সালমান। সূত্র বলছে, এবারে প্রতি সপ্তাহান্তে তার পারিশ্রমিক ধরা হয়েছে ১০ কোটি রুপি। সালমান পুরো মৌসুম না করে মাত্র ১৫ সপ্তাহ শো-তে যুক্ত থাকছেন, যার ফলে মোট পারিশ্রমিক দাঁড়াবে প্রায় ১৫০ কোটি রুপি।

প্রসঙ্গত, ‘বিগ বস ১৮’-এর জন্য তিনি নিয়েছিলেন আনুমানিক ২৫০ কোটি রুপি, আর তার আগের মৌসুমেও আয় ছিল প্রায় ২০০ কোটি রুপি।

সঞ্চালনায় আসছেন অতিথিরা

এই মৌসুমে সালমান খান সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন প্রায় সাড়ে তিন মাস পর। তখন থেকে বাকি সময় শো উপস্থাপনায় দেখা যেতে পারে ফারাহ খান কিংবা করণ জোহর-কে। এর আগেও একাধিকবার সালমানের অনুপস্থিতিতে তারা সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন।

ফলে, শো-এর একটি বড় অংশে অনুপস্থিত থাকায় স্বাভাবিকভাবেই কমেছে সালমানের পারিশ্রমিক।

থিমে নতুনত্ব, থাকছে ১৮ প্রতিযোগী

দুই দশকের বেশি সময় ধরে চলা ‘বিগ বস’ এবার ভিন্ন থিমে সাজানো হয়েছে। এবারের মৌসুমের থিম ঘিরে থাকবে ‘রাজনীতি’। প্রতিযোগীদের কার্যকলাপ ও সিদ্ধান্তে প্রভাব ফেলবে দর্শকদের ভোট ও মতামত।

শুরুর দিকে শোটি প্রচারিত হবে জি–হটস্টার-এ, পরে কালার্স টিভি-তেও সম্প্রচার শুরু হবে। এবারের আসরে থাকছেন ১৮ জন প্রতিযোগী, তবে তাদের পরিচয় এখনও গোপন রাখা হয়েছে।

সালমান খান ভক্তদের জন্য এটি আনন্দের হলেও, পুরো মৌসুমজুড়ে তার অনুপস্থিতি কিছুটা হতাশাও তৈরি করেছে। তবুও নতুন থিম ও সঞ্চালনায় ভিন্ন রকম রসদ নিয়ে হাজির হতে যাচ্ছে ‘বিগ বস ১৯’।