ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান অভিযোগ করেছেন, বিচারিক হত্যাকাণ্ড মূলত \"শাহবাগ ও আওয়ামী যৌথ প্রজেক্টের\" ফলাফল। তিনি ২০১৩ সালের শাহবাগ আন্দোলনকে ‘মব জাস্টিস’-এর সূচনা বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।


মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে মহিউদ্দিন খান বলেন, \"ঢাবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ‘৩৬ জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে চিত্র প্রদর্শনীতে জামায়াত ও বিএনপির কয়েকজন নেতার ছবি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শাহবাগপন্থি একটি গোষ্ঠীর চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো সরিয়ে নিতে বাধ্য হয়। এভাবে আওয়ামী ফ্যাসিবাদকে আরও দীর্ঘায়িত করা হলো।\" 


তিনি আরও উল্লেখ করেন, \"আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি, তবে আমাদের অবস্থান পরিষ্কার—যারা ফ্যাসিবাদের শিকার হয়েছেন, তাদের পক্ষে আমরা কথা বলতেই থাকবো। শাহবাগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সংগ্রাম চলবে ইনশাআল্লাহ।\"


স্ট্যাটাসের শেষভাগে মহিউদ্দিন খান বলেন, \"যারা বিচারিক হত্যার পথ তৈরি করেছে এবং শেখ হাসিনাকে ‘হাসিনা’ হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে, তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে। ইনকিলাব জিন্দাবাদ।\"


তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। শাহবাগ আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে ছাত্রশিবিরের এ ধরনের অবস্থান।