বিশ্বকাপ বাছাই পর্ব শেষে এবার বিশ্বকাপের প্রস্তুতিতে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের আগে এই মাসেই প্রীতি ম্যাচ খেলবে দুই দল।

আর্জেন্টিনার ম্যাচ সূচি

লিওনেল স্কালোনির আর্জেন্টিনা খেলবে দুটি ম্যাচ।

১১ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

১৪ অক্টোবর শিকাগোতে খেলবে পুয়ের্তো রিকোর বিপক্ষে, ম্যাচটি শুরু হবে ভোর ৫টায়।

এই দুই ম্যাচের জন্য তিন দিন আগেই ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ স্কালোনি। পরিচিত মুখদের পাশাপাশি চমক হিসেবে ডাক পেয়েছেন রেসিংয়ের গোলকিপার ফাকুন্দো ক্যামবেসেস, রিভার প্লেটের ডিফেন্ডার লাওতারো রিভেরো এবং পালমেইরাসের মিডফিল্ডার আনিবাল মোরেনো।

ব্রাজিলের ম্যাচ সূচি

ব্রাজিলও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলবে।

১০ অক্টোবর সিউলে স্বাগতিক দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে তারা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে নামবে ব্রাজিল, ম্যাচ শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ১ অক্টোবর ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। দলে ফিরেছেন রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে ইনজুরির কারণে নেই নেইমার।

এ দুটি ম্যাচে দুই দলের কোচরাই আসন্ন বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ফর্ম ও একাদশের ছক পরখ করে দেখার সুযোগ পাবেন।