জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়নের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক প্যানেলে তিনি বক্তা হিসেবে অংশ নেবেন।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত এক চিঠিতে এই আমন্ত্রণ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনকালীন ছাত্র-জনতার গণআন্দোলনে হাসনাত আব্দুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা আন্তর্জাতিক গবেষক ও নীতিনির্ধারকদের কাছে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
প্যানেল আলোচনার পাশাপাশি তিনি অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে সমসাময়িক রাজনীতি, নীতি ও গবেষণা ইস্যু নিয়ে মতবিনিময় করবেন। তার সফরের পুরো সমন্বয় ও স্থানীয় আয়োজনের দায়িত্ব নেবে অক্সফোর্ড ইউনিয়ন।





