বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। রোববার সকাল ১০টায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মতবিনিময় সভায় চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থী অংশ নেন। তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও রাজনৈতিক ভাবনা বিনিময়ের এই আয়োজন, বিএনপির তরুণ প্রজন্মকে যুক্ত করার একটি অংশ বলে দলীয় সূত্র জানিয়েছে।
এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য বড় শহরে জলাবদ্ধতা সমস্যা রয়েছে। এটি সমাধান করতে খাল খনন অপরিহার্য। বৃষ্টি হলে পানি কোথাও যেতে পারে না, তাই খাল খনন করা হবে।
সভায় তিনি আরও বলেন, “বললে অনেক কথা বলা যায়, এ খারাপ ও খারাপ। কিন্তু তাতে সমাধান আসবে না। অনেক সমস্যা আছে, সেগুলো নিরসনে কিছু প্ল্যান আমরা গ্রহণ করেছি। ভবিষ্যতে আপনারা যারা দেশ পরিচালনা করবেন, তারা কীভাবে দেশ পরিচালনা করবেন তা শুনতে চাই।”
মতবিনিময় সভা শেষে তারেক রহমান চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। দলীয় নেতারা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টার দিকে তিনি সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন।





