অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, ষড়যন্ত্রে ‘বিভিন্ন দলের কয়েকজন মহারথী’ জড়িত, যারা তার সৎ অবস্থানকে হুমকি মনে করছেন।


মাহফুজ আলম লেখেন, “অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন। কিন্তু এ সব ষড়যন্ত্র একসময় জনসমক্ষে আসবেই।”


ফেসবুক পোস্টে তিনি একটি টেন্ডার সংক্রান্ত ঘটনা তুলে ধরেন। জানান, বিটিভির একটি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে কমিশন ও ‘জুলাই প্রোগ্রামে বিদেশ সফরের সহায়তা’র প্রস্তাব দেওয়া হয়েছিল। তার ভাইকে দিয়ে এই প্রস্তাব দেওয়া হলেও, মাহফুজ আলম নিজে তা জানার পর সরাসরি অস্বীকৃতি জানান। পরে ওই কাজটি স্থগিত করা হয়।


তিনি আরও দাবি করেন, প্রস্তাবদাতা ব্যক্তি কথোপকথনের অডিও রেকর্ড করে তা এক সাংবাদিককে পাঠায়। কিন্তু মাহফুজ আলমের ব্যাখ্যার পর সাংবাদিকটি সেটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন। পোস্টে তিনি বলেন, “গত ১২ মাসে আমার বিরুদ্ধে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু কেউ দুর্নীতি বা আর্থিক অসংগতি প্রমাণ করতে পারেনি। তাতেই অনেকের অসুবিধা হচ্ছে।”


জুলাই ঘটনার প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, “জুলাই এখন অনেকের কাছে রাজনৈতিক মবিলিটির ল্যাডার হয়ে উঠেছে। কয়েকটি দলের প্রভাবশালী ব্যক্তিরাই আমার বিরুদ্ধে কাজ করছেন।” সততা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিষয়ে তিনি লিখেছেন, “রাষ্ট্রের দায়িত্ব একটি পবিত্র আমানত। হাজার কোটি টাকার চেয়েও সম্মান ও দায়িত্ববোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ।”


তিনি সবশেষে বলেন, “গুজববাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।”