হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে কিছু বাটন ফোন লুকিয়ে আনতে গিয়ে ধরা পড়া আনসার সদস্য জেনারুল ইসলামকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর রাতে নাইট শিফটে দায়িত্ব পালনকালে জেনারুল ইসলাম ভস্মীভূত ভবনের ভেতর থেকে ব্যক্তিগত প্রয়োজনে কিছু বাটন ফোন বের করার চেষ্টা করেন। তিনি ঘটনাস্থলেই ধরা পড়েন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশে তাকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধের কারণে তাৎক্ষণিকভাবে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে চলা অনৈতিক চর্চা হ্রাস করতে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। একই সঙ্গে আনসার সদস্যদের নৈতিক মান বজায় রাখতে এবং ঝুঁকিপূর্ণ ডিউটিতে আরও নিবেদিত হওয়ার জন্য পে-কমিশন চেয়ারম্যানের কাছে যৌক্তিক বেতন বৃদ্ধির আবেদন করা হয়েছে।