জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো বিভক্তির রাজনীতি নয়, সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে জনগণের কাছে এসেছে। তিনি বলেন, অন্তত পাঁচটি বছর আমাদের পরীক্ষা করে দেখুন।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত ১৭ বছরে জামায়াতের নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক হিসেবেই গণ্য করা হয়নি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অনেক পরিবর্তনের প্রত্যাশা থাকলেও ফ্যাসিবাদের নানা উপাদান এখনো সমাজে রয়ে গেছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হলেও গত দেড় বছরে দলটি কাউকে মজলুম বানায়নি।

সমাবেশে তিনি বলেন, যারা একসময় নির্যাতিত হলেও অভ্যুত্থানের পর নিজেরাই জুলুমকারী হয়ে উঠেছে, জনগণ তাদের লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে।

এ সময় তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানান।