আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা উন্নয়নে অন্তর্বর্তী সরকারের মনোযোগের ঘাটতি রয়েছে, পাশাপাশি প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনও দুর্বল। এই পরিস্থিতি অব্যাহত থাকলে সরকার সংস্কার কিংবা নির্বাচন—কোনোটিই যথাযথভাবে সম্পন্ন করতে পারবে কি না, তা নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে।
\r\nশুক্রবার (১৬ মে) ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের অংশগ্রহণে আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
\r\nসভায় সভাপতিত্ব করেন মাস্টার আহছান উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সদস্যসচিব প্রভাষক ফজলুল হক এবং নারীবিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল এবং সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
\r\nনেতাকর্মীদের উদ্দেশে মঞ্জু বলেন, জনগণের আস্থা অর্জনের একটি বড় মাধ্যম হলো নির্বাচন। তবে সেখানে জয়লাভ করাটাই গুরুত্বপূর্ণ, কারণ পরাজিতদের কোনো অবস্থান তৈরি হয় না। পুরোনো ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে প্রতিযোগিতা করে নতুন দল হিসেবে মানুষের আস্থা অর্জন একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
\r\nরাজধানীতে প্রতিদিন চলমান আন্দোলন ও কর্মসূচির কারণে সাধারণ মানুষের ভোগান্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের উচিত একটি ‘শুনানি পরিষদ’ গঠন করা, যারা জনগণের যৌক্তিক দাবি-দাওয়া শুনে তা সমাধানের উদ্যোগ নেবে। এতে মানুষ গণতান্ত্রিকভাবে তাদের সমস্যা তুলে ধরতে পারবে এবং রাষ্ট্রের ওপর আস্থা ফিরে পাবে।
\r\nতিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে শুধু ক্ষমতার ভার বহন করলেই হবে না, বরং তাদের উচিত জাতীয় আস্থার জায়গায় উন্নীত হওয়া। নতুবা সংস্কার কিংবা অবাধ নির্বাচনের স্বপ্ন অধরাই থেকে যাবে।”





