অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, পরবর্তী সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে এ সনদ বাতিল করে দিতে পারে, তাই বর্তমান সরকারের সময়েই এর আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি।


রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


সারোয়ার তুষার বলেন, জাতীয় নির্বাচনের দিন সাধারণ ভোটের পাশাপাশি গণভোটের জন্য আলাদা ব্যালট থাকবে। সেখানে জুলাই সনদের আইনি স্বীকৃতি বিষয়ে জনগণ মতামত জানাবে। এ বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল ইতোমধ্যে নীতিগতভাবে একমত হয়েছে।


তিনি আরও বলেন, ভাষাগত কিছু পার্থক্য বাদ দিলে সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠায় দলগুলো মোটামুটি একই অবস্থানে আছে। সনদ বাস্তবায়নে জনগণ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবে। যেসব বিষয়ে দলগুলো নোট অব ডিসেন্ট দিয়েছে, সেগুলোকেও আলোচনার মাধ্যমে ঐক্যমতের অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে।


এনসিপি নেতা মনে করেন, সব রাজনৈতিক দল একমত হলে জনগণ গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দেবে।