মানুষ প্রকৃতিগতভাবে দুর্বল। জীবনের প্রতিটি মুহূর্তে তার প্রয়োজন হয় অন্যের সহায়তা। দুঃখ-কষ্ট, বিপদ কিংবা আনন্দের সময়—সবক্ষেত্রেই পাশে চাই একটি সহানুভূতির হাত। তাই ইসলাম শিক্ষা দিয়েছে ভ্রাতৃত্ব, সমবেদনা ও সহযোগিতার।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “মুসলিম মুসলিমের ভাই। সে তার উপর জুলুম করবে না, তাকে যালিমের হাতে সোপর্দ করবে না। যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। যে মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। আর যে মুসলিমের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন।” (বুখারি, হাদিস: ২৪৪২)
এই হাদিসে মুসলমানদের জন্য এসেছে ছয়টি গুরুত্বপূর্ণ শিক্ষা—
১. মুসলিম মুসলিমের ভাই: ঈমানের বন্ধন রক্তের বন্ধনের চেয়েও শক্তিশালী।
২. জুলুম না করা: অন্যের অধিকার, সম্পদ বা মানহানি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।
৩. যালিমের হাতে সোপর্দ না করা: অন্যায়ের শিকার মুসলিমকে নিপীড়কের হাতে ছেড়ে না দিয়ে পাশে দাঁড়াতে হবে।
৪. ভাইয়ের প্রয়োজন পূরণ: পারস্পরিক সহযোগিতা শুধু দুনিয়ায় শান্তি আনে না, আখিরাতেও আল্লাহর সাহায্য লাভের উপায়।
৫. বিপদ দূর করা: কারও দুঃখ-কষ্ট দূর করলে কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ সেই বান্দার কষ্ট সহজ করে দেবেন।
৬. দোষ গোপন রাখা: ব্যক্তিগত দুর্বলতা ঢেকে রাখলে আল্লাহও কিয়ামতের দিন বান্দার দোষ ঢেকে রাখবেন। তবে সমাজের ক্ষতি হয় এমন দোষ প্রকাশ করা অনুমোদিত।
করণীয়
ইসলামি ভ্রাতৃত্ব কেবল তত্ত্ব নয়, বরং বাস্তব দায়িত্ব।
অন্যকে সহযোগিতা করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়।
অন্যের দোষ খোঁজা নয়, বরং তা গোপন রাখা ইসলামের সৌন্দর্য।
অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করা ভ্রাতৃত্ববোধের অংশ।
দুনিয়ায় মানুষের সঙ্গে যেমন আচরণ করা হবে, কিয়ামতের দিন আল্লাহও তেমন আচরণ করবেন।
অতএব, ইসলামের শিক্ষা স্পষ্ট—অন্যকে সহযোগিতা করাই আল্লাহর সাহায্য লাভের চাবিকাঠি।





