সরকার দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। অবৈধ মজুতদার বা পাচারকারীর তথ্য সঠিকভাবে প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার (৩০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামে ওঠানামা দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী আমদানিকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে না বিক্রি করে গোপনে মজুত করছেন এবং পরে উচ্চ মূল্যে বাজারে ছেড়েছেন।
সরকার ইতিমধ্যে মাঠ প্রশাসনের মাধ্যমে কয়েকটি চক্রকে শাস্তির আওতায় এনেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তথ্যদাতাদের আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। তথ্য প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, এবং পুরস্কার সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদান করবেন।





