জুলাই সনদে স্বাক্ষর বাংলাদেশে একটি ঐতিহাসিক মাইলফলক—এর মাধ্যমে দেশে গুণগত পরিবর্তনের পথ উন্মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। সেই নির্বাচনের মাধ্যমে অসৎ ও সুযোগসন্ধানীদের পরাজিত করে আস্থার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, “জুলাই সনদ স্বাক্ষর একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তনের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি। এখন সামনে যে সুযোগ তৈরি হয়েছে, সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সীমাবদ্ধতা থাকলেও সম্ভাবনাগুলোকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে হবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোকে এখন গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে যাতে দেশবাসী একটি গুণগত পরিবর্তনের সাক্ষী হতে পারে।”
সাবেক সচিব ও কূটনীতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও আইনজীবী ড. মো. হেলাল উদ্দিন।
সভায় আরও বক্তব্য রাখেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান, গণঅধিকার পরিষদের নেতা হাবিবুর রহমান রিজু, ড. হুমায়ুন কবির, ড. এ আর খান, অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, অ্যাডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ, লেখক ও গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক আলাউদ্দিন কামরুল, বিশিষ্ট গবেষক আয়েশা সিদ্দিকা, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার ও ইলা ইয়াসমিন প্রমুখ।





