জয়পুরহাট প্রতিনিধি : জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা এবং জনভোগান্তি কমাতে জয়পুরহাটে চালু হয়েছে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপভিত্তিক তেল সরবরাহ কার্যক্রম।
রোববার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ উদ্যোগের ঘোষণা দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
তিনি জানান, আজ থেকেই জেলার সব তেল পাম্পে এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। ডিজিটাল এই ব্যবস্থার ফলে তেলের মজুত, চাহিদা ও সরবরাহ সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে, যা অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক আরও বলেন, “জ্বালানি খাতকে আধুনিক ও সুশৃঙ্খল করতে এই অ্যাপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আসবে এবং অবৈধ মজুত বন্ধ করা সম্ভব হবে।”
এখন থেকে জয়পুরহাট জেলায় জ্বালানি তেল সংগ্রহ ও বিতরণের যাবতীয় কার্যক্রম এই অ্যাপের আওতায় পরিচালিত হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।





