খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ও টায়ার পুড়িয়ে বিক্ষোভের চেষ্টাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সোনাডাঙ্গা ও লবণচোরা থানা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধাওয়ায় কর্মীরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে লবণচোরা থানার বিশ্বরোড এলাকায় দুই মোটরসাইকেলে করে চারজন এসে টায়ার জ্বালিয়ে স্লোগান দেয়। এলাকাবাসী এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা থানার পাওয়ার হাউজ মোড়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মিছিলের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
লবণচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, “টায়ার পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।





